পর্দায় তার সাহসী ও আপসহীন উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে বাস্তব জীবনের একটি ঘটনায় সহকর্মীদের নিয়ে চরম আতঙ্কের অভিজ্ঞতা পার করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সংসদ ভবন অভিযানের পর ভবনের ভেতরে তৈরি হওয়া থমথমে পরিস্থিতিতে অন্য সাংসদদের সঙ্গে তিনিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা।
তারকা থেকে শুরু করে সমাজের একাংশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করলেও, নিজের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে উল্টো দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। সংসদের অধিবেশন চলাকালীন মূল ভবনের কাছাকাছি আন্দোলনকারীরা চলে এলে নিরাপত্তার স্বার্থে ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।
সংবাদমাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে। দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন।’
সংসদ ভবনের বাইরের এই আন্দোলনকে উদ্দেশ্য করে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’







