নতুন বছরের প্রথম দিনই সুখবর দিলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী? বুধবার সকাল সকাল এমনই ইঙ্গিত দিলেন তিনি। ২০২৪ সালের বারোটা মাস কেমন কেটেছে, তার সম্মিলিত ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিলেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটাগরিকের চোখ আটকেছে অক্টোবর মাসে।
এক নেটাগরিক লিখেছেন, “আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।” আর এক নেটাগরিকের কথায়, “আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন।”
মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাঁদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তাঁরা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।
ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। তখন কেউই ইলিয়ানার স্বামী মাইকেল ডোনালের কথা জানতেন না। কিন্তু পরে নিজেই মাইকেলের কথা প্রকাশ্যে আনেন। ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। আগামীতে ছোট পর্দার এক সিরিজ়ে দেখা যাবে তাঁকে।