নেটদুনিয়ায় এখন চর্চার কেন্দ্রে ভিকি কৌশল ও তৃপ্তি ডিমরির গান ‘জানম’। জুটির রসায়ন উত্তাপ ছড়িয়েছে নেটদুনিয়ায়। এর আগে এত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি ভিকিকে। তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দেখে ভিকিকে তাই নেটাগরিকদের প্রশ্ন, “ক্যাটরিনা বৌদি এ সব জানেন? আপনাদের মধ্যে সব ঠিক আছে?” এই চর্চার মধ্যেই স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন ভিকি।
ক্যাটরিনাকে বিয়ে করার পরে জীবনে কী কী বদল এসেছে? প্রশ্নের উত্তরে ভিকি জানান, তিনি ক্যাটরিনাকে বিয়ে করে সুখী। অভিনেতা বলেন, “আমি সত্যি সৌভাগ্যবান কারণ ক্যাটরিনা আমার জীবনে বহু সুন্দর বিষয় এনেছে। প্রতি দিন সকালে উঠে মনে হয়, আমি আজ আরও ভাল একটা মানুষ হয়ে উঠতে পেরেছি এবং তা ওর জন্যই। সম্পর্কের জন্য ও অনেক কিছু করেছে।”