শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

আইনি বিপাকে নুসরাত জাহান

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। যশের হাত ধরে সরাসরি ইডি দফতরের ভেতরে চলে যান এই অভিনেত্রী।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে ওই সংস্থাটি প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে ৫ লাখ টাকা করে নিয়েছিল। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি এবং তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।

সকাল থেকে শুরু হওয়া এই জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত। টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে ইডি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুসরাত। তদন্তের স্বার্থে তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বের হওয়ার সময়ও মিডিয়ার সামনে কোনো মুখ খোলেননি তিনি।


এই বিভাগের আরো খবর