পাহাড়-প্রকৃতির অপূর্ব দেশ নেপাল। সম্প্রতি দেশটির কিছু নৈস্বর্গিক জায়গায় ভ্রমণ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার নানা মুহূর্ত শেয়ার করে চলেছেন তিনি। কখনো স্থিরচিত্র, কখনো ভিডিওতে তুলে ধরেছেন তার ভ্রমণের অভিজ্ঞতা।
একটি ভিডিও পোস্ট করে প্রভা লেখেন, ‘আপনি যদি আমার মতো জনাকীর্ণ পর্যটনকেন্দ্রের চেয়ে শান্ত ও নিরিবিলি স্থান পছন্দ করেন, তাহলে পোখারার লেকসাইড এলাকায় না থেকে অবশ্যই কুশমায় থাকার পরামর্শ দেব। এখানে বেশ কিছু অসাধারণ দর্শনীয় স্থান রয়েছে, তবে আমার সবচেয়ে পছন্দের এবং স্পেশালি সুপারিশ করার মতো জায়গা হলো দ্য ক্লিফ রিসোর্ট।’
এদিকে নেপাল ভ্রমণ থেকেই নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন প্রভা। যদিও স্পষ্ট কিছু বলেননি, তবে তার অনুরাগীদের মধ্যে কানাঘুষা চলছে, অভিনেত্রী হয়তো সম্পর্কে থিতু হতে চাইছেন।







