সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাঁদের গন্তব্য ছিল মরুশহর দুবাই। সেখান থেকে সমাজমাধ্যমে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন যুগল। তার পরেই অনুরাগীদের মধ্যে চর্চা, দু’জনে কি ছুটি কাটাচ্ছেন? কিন্তু আনন্দবাজার অনলাইনকে অঙ্কুশ জানিয়েছেন, তাঁরা আসলে পেশার কারণেই ১০ দিনের জন্য দুবাইয়ে ছিলেন।

মঙ্গলবার শহরে ফিরেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অভিনেতা জানালেন, তাঁদের সফরের নেপথ্যে ছিল একটি বিজ্ঞাপনী ছবির শুটিং। সেই প্রসঙ্গে এখনই বাড়তি কোনও তথ্য দিতে নারাজ অভিনেতা। কিন্তু শুধুই কি কাজ, না কি অবসরে দু’জনে একান্ত যাপনের সময় পেয়েছিলেন? উত্তরে হেসে অঙ্কুশ বললেন, ‘‘কাজের শেষে বাড়তি কয়েক দিন একটু সময় পেয়েছিলাম। যেটুকু সময় পেয়েছি, একটু ঘোরার চেষ্টা করেছি।’’
সাধারণত পুজোর দিনগুলো শহরেই থাকতে পছন্দ করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে খুব বেশি ভিড় তাঁদের পছন্দ নয়। কী ভাবে দিনগুলো কাটাবেন তাঁরা? অঙ্কুশ বললেন, ‘‘পুজোর সময়ে সাধারণত বন্ধুদের সঙ্গে বাড়িতেই হইহুল্লোড় করি। পাশাপাশি পরিচিত কয়েকটা পুজোমণ্ডপে থাকার চেষ্টা করি। এ বারের পুজোও সেই ভাবে কাটবে।’’
গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অঙ্কুশ প্রযোজিত ছবি ‘মির্জ়া’। তার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অঙ্কুশ জানালেন, আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ পরবর্তী কাজের পরিকল্পনা করবেন। সেটা কি ‘মির্জ়া ২’? অভিনেতার উত্তর, ‘‘আগে সব কিছু চূড়ান্ত হোক। তার পর এই প্রসঙ্গে মন্তব্য করব।’’