মুরগির লাল ঝোল নয়, তিলবাটা দিয়ে বানিয়ে ফেলুন কষা মাংস
নিউজ ডেস্ক :
আপডেট :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
Share
কারও কাছে মাংস মানেই লাল ঝোল, যার উপরে থাকবে তেলের পরত। এমন লাল ঝোলের মুরগি সুস্বাদু নিঃসন্দেহে। তবে রান্নাতেও বৈচিত্র কম নেই। লাল ঝোলের মাংস নয়, এ বার বানিয়ে ফেলুন তিলবাটা মুরগি। কাই দেখতে হবে সাদা। পরোটা থেকে রুটি বা পোলাও, গরম ভাতেও খাওয়া যাবে। নামমাত্র উপকরণেই রান্নাটি হবে।
উপকরণ
৭০০ গ্রাম মুরগির মাংস
৭০ গ্রাম সাদা তিল
২০ গ্রাম কাজু
৫-৭টি কাঁচালঙ্কা
৩টি মাঝারি পেঁয়াজের কুচি
১ টেবিল-চামচ আদা-রসুন বাটা
৩-৪ টেবিল-চামচ দুধ
১ টেবিল-চামচ ঘি
২ টেবিল-চামচ সাদা তেল
১ টেবিল-চামচ গোলমরিচ
২ টেবিল-চামচ টক দই
প্রণালী: মুরগির মাংস ধুয়ে টক দই, সাদা তেল, নুন, গোলমরিচ মাখিয়ে অন্তত আধ ঘণ্টা রেখে দিন।শুকনো কড়াইয়ে সাদা তিল এবং কাজু হালকা নাড়াচাড়া করে নিন। ১ টেবিল-চামচ সাদা তিল আলাদা করে রেখে, বাকিটা দুধ দিয়ে বেটে নিন। কড়াইয়ে তেল গরম হলে ঘি দিন। যোগ করুন মিহি করে কুচনো পেঁয়াজ। আদা-রসুন এবং কাঁচালঙ্কা বাটা দিন। স্বাদমতো নুন দিয়ে কষিয়ে নিন। যোগ করুন তিল-কাজু বাটা। আঁচ কমিয়ে একটু কষিয়ে নিয়ে মাংস দিয়ে আঁচ বাড়িয়ে মিনিট পাঁচেক কষাতে হবে। তার পরে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। পাঁচ-সাত মিনিট অন্তর এক বার করে মাংস নেড়ে ঢাকা দিতে হবে যতক্ষণ তা পুরোপুরি সেদ্ধ হচ্ছে এবং উপর থেকে তেল ছাড়ছে। কাই রাখতে চাইলে মাংস ঢাকা দিয়ে সেদ্ধ করার সময়ে অল্প একটু গরম জল যোগ করতে পারেন। তবে এটি হবে গা-মাখা। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন।