ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল নন। গত বছর পারিবারিক কারণে অভিনয় ছাড়বেন বলে জানিয়েছিলেন। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি বর্ষাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন, ভক্তদের সঙ্গে রাখেন যোগাযোগ।
সামাজিক মাধ্যমে এবার সম্পর্ক দীর্ঘস্থায়ী করার এক টোটকা দিলেন বর্ষা। তার সেই ভাবগম্ভীর পোস্টে উঠে আসে পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে নানা কথা।
পোস্টে বর্ষা লিখেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই সবচেয়ে বড় বিষয় নয়। আমার কাছে সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে—আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’
সবশেষে অনুরাগী ও পাঠকদের প্রতি পরামর্শ দিয়ে বর্ষা লেখেন, ‘তাই আমি সবসময় বলি, আপনি যদি কারও সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চান, তাহলে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর সেই ইনভেস্টমেন্ট শুধু অর্থ দিয়ে নয়—আপনার সময়, আপনার ব্যবহার, আপনার আন্তরিকতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমে। আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের মানুষদের সঙ্গেও একটা বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান এবং দায়বদ্ধতাও তৈরি হয়। আর সেই কারণেই, কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।’







