শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

শহিদুল ইসলাম বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেও জানা গেছে।

বিকাশ এজেন্ট এনামুল হক বলেন, প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে ইউপি সদস্য তার কাছে ১০টি সিম কার্ড জমা দিয়েছিলেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন।

অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, তার বাবা, ভাই ও ভাতিজির নামও প্রতিবন্ধী তালিকায় রয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান আগে থেকেই জানতেন। তবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাওয়ায় চেয়ারম্যানের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।

গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিগত সরকারের সময় থেকে ওই ইউপি সদস্য প্রায় অর্ধশতাধিক সুস্থ-সবল মানুষকে প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতার টাকা আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া সিম কার্ডগুলো ইউপি সদস্য ও তার স্বজনদের নামে নিবন্ধিত। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি সিম কার্ডগুলো নিজের হেফাজতে নিয়েছেন।

বাগমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান বলেন, কিছুদিন আগে এ কার্যালয়ে যোগ দেওয়ার পর তিনি জানতে পারেন, ওই ইউপি সদস্য নিজের ও স্বজনদের নামে প্রতিবন্ধী ভাতা নিচ্ছেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সিম কার্ডগুলোতে ইতোমধ্যে ভাতার টাকা জমা হওয়ায় তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব হয়নি। ভবিষ্যতে ওই ইউপি সদস্য আর ভাতা পাবেন না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর