শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার অভিযোগ, ইউনূস সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরেই গত বছর তিনি ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

প্লট দুর্নীতির একটি মামলায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তার সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে। পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন এবং তার এই সাজা ভোগ করার সম্ভাবনাও নেই বললেই চলে।

২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তিনি দাবি করেন, তার খালা এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের ‘পরোক্ষ শিকার’ হয়েছেন তিনি।

টিউলিপ বলেন, এটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা ‘বিবেচনা’ করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালীন মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। টিউলিপ বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তার সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ জানান, এসব অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না।

টিউলিপ বলেন, আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।

 


এই বিভাগের আরো খবর