রাবিতে ফুসফুসের ক্যান্সার রোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
Share
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসী বিভাগের উদ্যোগে আজ সোমবার ফুসফুসের ক্যান্সার রোধের বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত ‘ইওথ অ্যাগেইনেস্ট লাং ক্যান্সার: ভিক্টরি থ্রো অ্যাওয়ারনেস (Youth Against Lung Cancer: Victory through Awareness)’ এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
ফার্মেসী বিভাগের প্রফেসর মো. গোলাম ছাদিক ও বিকন ফার্মাসিটিক্যাল পিএলসি’র সহকারী ভাইস প্রেসিডেন্ট (সেলস, অঙ্কোলজি) পলাশ সরকার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আব্দুল আলীম আল বারীর সভাপতিত্বে এই সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রধান প্রফেসর অসিম কুমার ঘোষ ও আলোচনা করেন রাবি ফার্মেসী বিভাগের প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সেমিনারে তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ যেসব ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে ফুসফুসের ক্যান্সার অন্যতম। অনেক সময় অসচেতনতা ও চিহ্নিত না হওয়ার ফলে এই ক্যান্সার প্রাণঘাতি হয়ে দাঁড়ায়। তাই সচেতনতা, জীবনাচারে সতর্কতা ও সময়মত চিকিৎসার মাধ্যমে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ সম্ভব। নিয়মিত গবেষণার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে নতুন নতুন ওষুধ আবিস্কারের প্রতি গুরুত্ব দিতে এবং বিষয়টিকে অনুপ্রাণিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সেমিনারে ফার্মেসী বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক, চিকিৎসক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।