বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে দ্বিতীয়বার হবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে দ্বিতীয়বার আর কখনো হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তার বাংলাদেশে আসার মতো কোনো সুযোগ রয়েছে বলে আমার ধারণা নেই। যারাই এই দিবা স্বপ্ন দেখছে, তারা শুধু বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কার্যক্রমটি হাতে নিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহী পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং উদ্যোক্তা ও খামারিদের মধ্যে ঋণের চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সকল সংসদ সদস্য, আমাদের মন্ত্রিপরিষদ, বর্তমান সরকার এবং এ দেশের সাধারণ মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে দ্বিতীয়বার আর কখনো হবে না। যদি তাকে আসতে হয়, আমরা তাকে ওয়েলকাম করব এবং সে এসে আইনগতভাবে যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করেই কিন্তু তাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। তাকে এই আইনি প্রক্রিয়াগুলো কিন্তু ফেস করতে হবে। যদি সে আইনি প্রক্রিয়া ফেস করার মত যদি মানসিকতা থাকে, আমরা তাকে ওয়েলকাম করব। কারণ বাংলাদেশের মানুষ সেই বিচারগুলো সম্পন্ন করতে চায়।

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের লক্ষ্যে এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।


এই বিভাগের আরো খবর