“এ বার যা হবে, আইনি পথে। ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের সদস্যেরা আগামীতে যা যা সমস্যার মধ্যে পড়বেন, আইনের সাহায্যেই তার মীমাংসা হবে। মৌখিক ভাবে আর কিছুই হবে না”, মঙ্গলবার ফেডারেশনের বিরুদ্ধে পরিচালক সংগঠনের আইনি পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণার পর বললেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রযোজক-পরিচালক-অভিনেতা সংগঠনের কার্যকরী সমিতির অন্যতম সদস্য। এ দিনের সাংবাদিক সম্মেলনেও যথেষ্ট সরব ছিলেন তিনি।গিল্ড আর ফেডারেশনের কাজিয়ার শুরুয়াত জুলাই মাসে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবিকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত। সেই বিরোধ এতটাই চরম আকার ধারণ করে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করতে বাধ্য হন। পরমব্রতের কথায়, “সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ-অভিনেতা দেব, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন স্বতঃপ্রবৃত্ত হয়ে কমিটি গঠন করেন। সেই কমিটির উপরে দায়িত্ব ছিল, তিন মাসের মধ্যে ফেডারেশনের তুঘলকি কার্যকলাপ খতিয়ে দেখবে।” তিন মাস দূর অস্ত, প্রায় চার মাসের কাছাকাছি পৌঁছেও সেই কমিটি গঠন হয়নি। বিষয়টি নিয়ে মাথাব্যথা নেই রাজ্য সরকারেরও।
