নির্মাতারা ঘোষণা করেছিলেন তেলুগুর পাশাপাশি আরও কয়েকটি আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। যার মধ্যে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম এবং বাংলা ছিল। তবে এ রাজ্যে সুকুমার পরিচালিত ছবিটি শুধুমাত্র তেলুগু এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। দেশের অন্য রাজ্যে স্থানীয় ভাষায় মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। অথচ বাংলায় ছবির ডাবিং করিয়েছিলেন নির্মাতারা। বাংলায় ছবির ট্রেলার প্রকাশ করা হয়। মুক্তি পায় বাংলার শিল্পীদের দিয়ে গাওয়ানো ছবির বেশ কয়েকটি গানও। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, তিমির বিশ্বাস, উজ্জয়নী মুখোপাধ্যায় এবং অর্পিতা চক্রবর্তীর মতো শিল্পীরা। কিন্তু তা সত্ত্বেও বাংলা ভাষায় কেন মুক্তি পেল না ছবিটি? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
খোঁজ নিয়ে জানা যাচ্ছে, নভেম্বর মাসের মাঝামাঝি কলকাতা শহরেই ‘পুষ্পা ২’-এর ডাবিংয়ের কাজ শুরু হয়। অন্য ভাষার ডাবিংয়ের জন্য যা সময় বরাদ্দ ছিল, তুলনায় বাংলার কাজ অনেকটাই কম সময়ে শেষ করতে হয়। প্রথমে হায়দরাবাদের একটি সংস্থার অধীনে ডাবিংয়ের কাজ শুরু হয়। কিন্তু পরে তা হাত বদল হয়ে আসে কবি শ্রীজাতর কাছে। বাংলায় ছবির গান লেখা থেকে শুরু করে বাংলা চিত্রনাট্য তাঁরই লেখা। সেই মতো, ছবিতে বাংলার জন্য কারা কণ্ঠ দেবেন, তার জন্য অডিশন পর্বও চলে। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে শ্রীজাতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন বা মেসেজের উত্তর তিনি দেননি।

আগে ছিল টিভি। এখন ওটিটির দৌলতে হিন্দি এবং দক্ষিণী ছবি বাংলাতেও নিয়মিত দেখেন দর্শক। তবে ডাবিং শিল্পীদের পরিশ্রম অনেক সময়েই প্রচারের আড়ালেই রয়ে যায়। এক কণ্ঠশিল্পীর কথায়, ‘‘এ রকম একটা ছবি ডাবিং হওয়া সত্ত্বেও মুক্তি পেল না। যাঁরা কাজ করেছেন, তাঁরা তো সমাজমাধ্যমে জানাতেও পারছেন না তাঁদের প্রাপ্তির কথা। কারণ ছবিটাই তো বাংলায় মুক্তি পায়নি!’’ ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন ডাবিং শিল্পী হিসেবে কাজ করছেন অবর্ণা রায়। তাঁর আক্ষেপ, ‘‘কলকাতায় ডাবিংয়ের একটা সমান্তরাল ইন্ডাস্ট্রি রয়েছে। প্রচুর শিল্পী নিয়মিত কাজ করেন, সামান্য পারিশ্রমিকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাজের কোথাও কোনও স্বীকৃতি নেই। মানুষ জানতেও পারেন না। ‘পুষ্পা ২’ বাংলায় মুক্তি পেলে হয়তো ডাবিং শিল্পীদের আরও সুবিধা হত।’’
‘পুষ্পা ২’-এর ব্যবসা নিয়ে বাংলার হল মলিকেরা খুশি। তবে ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়ে সমস্যার অন্য চিত্রও উঠে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হলমালিক বললেন, ‘‘হিন্দি ছবি বাংলায় ডাব করে মুক্তির ক্ষেত্রে আগেও সমস্যা দেখা দিয়েছে। টলিপাড়ার একাংশই বিরোধিতা করে। তাই কেউ আর ঝুঁকি নেন না।’’
কিন্তু কেন? ওই হলমালিকের যুক্তি, ‘‘এখান শিল্পীদের একাংশই তো বিরোধিতা করেন। হিন্দি বা দক্ষিণী ভাষার ছবি বাংলায় মুক্তি পেলে, বাংলা ছবির বাজার নষ্ট হবে। কারণ ওই রকম ছবি তো বাংলায় তৈরি করা কঠিন। দ্বিতীয়ত, এই ধরনের ছবিতে তো বাংলায় টেকনিশিয়ানদের শ্রম নেই। ফলে তাঁদের একাংশ বিরোধিতা করেন।’’