সময়ের সঙ্গে গীতা এবং স্বস্তিকের গল্প ছোট পর্দায় দর্শকের মন জয় করে নিয়েছে। তার প্রভাবও পড়েছে ধারাবাহিকের টিআরপি তালিকায়। বছরের শুরুতেই ধারাবাহিকটি টিআরপি তালিকার শীর্ষে। নেপথ্যে কোন রহস্য কাজ করছে?
টালিগঞ্জের ‘দাসানি ২’ স্টুডিয়োয় তখন শুটিংয়ের বিরতি। সবেমাত্র ফ্লোরে প্রবেশ করেছেন গীতা অর্থাৎ হিয়া মুখোপাধ্যায়। ধারাবাহিকের প্রাপ্ত নম্বরে তিনি খুশি। বললেন, ‘‘আমাদের হাতে তো সবটা নেই। গল্পটাই আসল। সেটাই দর্শককে আরও আকৃষ্ট করে। খুব ভাল লাগছে।’’ একই কথা বললেন স্বস্তিক অর্থাৎ কুণাল শীল। তাঁর কথায়, ‘‘আমাদের হৃৎস্পন্দনের মতোই টিআরপির ওঠাপ়ড়া চলতে থাকে। তবে ভাল টিআরপি, সব সময় আরও ভাল কাজের খিদে বাড়িয়ে দেয়।’’
ধারাবাহিকের কোনও পর্ব ভাল হয়েছে কি না, সেটা হিয়া এবং কুণাল বুঝতে পারেন সমাজমাধ্যম থেকেও। অভিনেত্রী বললেন, ‘‘কোনও দৃশ্য ভাল হলে তখন দেখি সেটা নিয়ে সমাজমাধ্যমে লেখা হয়। আলাদা রিল তৈরি হয়। বুঝতে পারি, আমরা ঠিক পথেই এগোচ্ছি।’’
নতুন বছরের শুরুতেই ধারাবাহিক ভাল ফল করেছে। এই ধারাকে বজায় রাখতে চান দু’জনেই। ধারাবাহিকের পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নির্দেশ মতো নিজেদের চরিত্রকে আরও শক্ত এবং পরিণত ভাবে গড়ে তুলতে উদ্যোগী হিয়া এবং কুণাল। গীতা তার শ্বশুরমশাইকে আগামী দিনে বিপদ থেকে রক্ষা করতে পারবে কি না, সেই প্রশ্নকেই সামনে রেখে এগোবে ধারাবাহিকের আখ্যান।