সইফ আলি খানকে ছুরির কোপ। নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সইফকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায়। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।
ইতিমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “সইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।”