রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। কেউ কেউ কৃতির পোশাককে ‘অন্তর্বাসের মতো’ বলেও কটাক্ষ করেছেন।
সম্প্রতি রাখিবন্ধন উপলক্ষে ওই গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসে। সেখানে ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ফিনফিনে জ্যাকেট ও স্কার্টে দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই তার পোশাক নিয়ে শুরু হয় আলোচনা। রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে এমন পোশাক কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
কেউ কেউ আবার এই বিজ্ঞাপনের ভাবনাকেই নিশানা করেছেন। তাদের অভিযোগ, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত একটি উৎসবকে কেন্দ্র করে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে আরও সংযত উপস্থাপনা করা উচিত ছিল। কয়েকজন কৃতির পোশাককে ‘নিম্নরুচির’ ও ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।
অবশ্য কৃতির বিজ্ঞাপনটি সবার অপছন্দ হয়েছে, এমন নয়। অভিনেত্রীর অনুরাগী ও পোষ্যপ্রেমীদের অনেকেই বিজ্ঞাপনটির প্রশংসা করেছেন। তাদের যুক্তি, অনেকের কাছেই পোষ্যরা পরিবারের সদস্যের মতো। কেউ কেউ আবার পোষ্যের সঙ্গে রাখিবন্ধনের সম্পর্ককে আবেগঘন ও সুন্দর বলেও মন্তব্য করেছেন। কৃতির পোশাক নিয়েও তাদের কোনো আপত্তি নেই।
এদিকে বিজ্ঞাপনটি ঘিরে সমাজমাধ্যমে বিতর্ক বাড়লেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি কৃতি স্যানন। ফলে অভিনেত্রীর পোশাক এবং বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।