একের পর এক চমক দিয়ে যাচ্ছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নির্মিত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইতোপূর্বে নির্বাচিত হয়েছে বিশ্বের প্রাচীনতব ভেনিস চলচ্চিত্র উৎসবে। এরপর জায়গা করে নেয় কানাডার টরন্টো উৎসবেও। দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে এটি।

দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার নির্মাতা জানিয়েছেন, এটি একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে গল্পটি। কথিত আছে, একসময় এই পার্লারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। চলচ্চিত্রটির গল্পে এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসে। সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এর মধ্য দিয়ে অভিষেক হবে তার। এছাড়াও আছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।







