বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

‘চেয়ার থেকে একটি মেয়েকে ঠেলে ফেলে দিয়েছিল সারা’,

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ওরহান অবত্রামণি ওরফে ওরির সঙ্গে সারা অলী খানের বন্ধুত্বে ভাঙন নিয়ে বিতর্ক চলছে বেশ কিছু দিন। বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন ওরি নিজেই। এ বার সারাকে নিয়ে একটি ঘটনা জানিয়েছেন তিনি। সেই সময়ে অবশ্য সারার সঙ্গে বন্ধুত্ব ছিল ওরির। সাক্ষাৎকারে ওরি দাবি করেন, একটি পার্টিতে সারা এক তরুণীকে চেয়ার থেকে ঠেলে ফেলে দেন। পরে সেই ঘটনার দায় এসে পড়ে ওরির উপর।

ওরির দাবি, সেই সময়ে তিনি ও সারা একটি পার্টিতে বসার জায়গা খুঁজছিলেন। তাঁরা দেখেন, একটি চেয়ারে বসে রয়েছেন এক তরুণী। ওরির দাবি, সারা ওই তরুণীকে চেয়ার থেকে ঠেলে ফেলে দেন। এর পর দু’জনে গিয়ে সেই চেয়ারে বসেন। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সারাকে নয়, প্রশ্নের মুখে পড়তে হয় ওরিকেই। তিনিই নাকি ঘটনার দায় নিয়েছিলেন।

যদিও সাক্ষাৎকারে ওরি ঘটনাটিকে ‘খুব মজার’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, পুরো ঘটনাটির সূত্রপাত সারারই কারণে। ওরি বলেন যে, সেই সময়ে সারা বেশ জনপ্রিয় ছিলেন। অন্য দিকে, তিনি নিজে তখন প্রায় অপরিচিত। তাই শেষ পর্যন্ত তাঁকেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওরি জানান, তিনি এমন একটি ঘটনার জন্য সমস্যায় পড়েছিলেন, যা তিনি আদৌ করেননি।

কয়েক মাস আগেই ওরি এবং সারার বন্ধুত্বে ফাটল ধরার খবর প্রকাশ্যে আসে। এক সময়ে দু’জনের ঘনিষ্ঠতা ছিল বলেই জানা যায়। কিন্তু পরে সমাজমাধ্যমে একে অপরকে আনফলো করা এবং বিভিন্ন মন্তব্য ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

সারার মা অমৃতা সিংহকে নিয়েও এর আগে একটি ঘটনার কথা জানিয়েছিলেন ওরি। ২০২১ সালের সেই সময়টিকে তিনি জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। তবে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ্যে বলতে চাননি তিনি। শুধু জানিয়েছিলেন, সেই ঘটনা তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছিল। তবে এই প্রকাশ্য তিক্ততার মধ্যেও সারা বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলেননি। কিন্তু ওরি এই নিয়ে মন্তব্য করেই চলেছেন।


এই বিভাগের আরো খবর