যৌথ ভাবে সম্পর্কে ইতি টেনেছিলেন তাহসান রহমান ও রাফিয়ত রাশিদ মিথিলা। তার পর থেকে একাই ছিলেন বাংলাদেশের অভিনেতা তথা গায়ক তাহসান। এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। রূপটান শিল্পী রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বহু দিন ধরেই তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে শনিবার গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই সেই পরিষ্কার হল পরিস্থিতি।

কলকাতায় শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও ঢাকাতেই মেয়েকে নিয়ে থেকেছেন মিথিলা। নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই এই সিদ্ধান্ত তাঁর। অভিনেত্রী বলেছিলেন, “আফ্রিকায় একটা কথা আছে, ‘একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন’। এটাই সত্যি। আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা-ঠাকুরমা, শাশুড়ি, বন্ধু সকলকে দরকার। আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল, মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া। দর্শক ভাবছে ২০১৬-এর পরে ২০২৪-এ মিথিলা আর তাহসানের দেখা হল। এটা তা নয়, আমাদের তো প্রতিদিন কথা হয়। ব্যাপারটা ও রকম নয় যে বহু বছর পরে দু’জনের দেখা, পিছনে গান বাজছে।”