নেটপাড়ায় ট্রেন্ডিং ‘পুষ্পা ২: দ্য রুল’-এর গান ‘কিসিক’। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। প্রকাশ্যে এসেছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার নাচের ঝলকও। তার পরেই শুরু হয়েছে তুলনা। নেটাগরিকের একাংশের দাবি, শ্রীলীলার ‘কিসিক’ কোনও ভাবেই সামান্থা রুখ প্রভুর ‘উ আন্টাভা’-কে ছুঁতে পারেনি। আবার কিছু মানুষের পর্যবেক্ষণ, শ্রীলীলাকে যেন সামান্থার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে।‘পুষ্পা ২: দ্য রুল’-এর আইটেম গানের প্রস্তাবও নাকি প্রথমে গিয়েছিল সামান্থার কাছেই। তার পরে এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কপূরকে। কিন্তু পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা। তার পরেই শ্রীলীলাকে বেছে নেওয়া হয়। শোনা যাচ্ছে, শ্রীলীলা এই আইটেম গানের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্য দিকে ‘উ আন্টাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি টাকা পারিশ্রমিক।
