ছবিতে ফারিয়াকে দেখা গেছে কাজে ফেরার উচ্ছ্বাসের মতো স্নিগ্ধ কিছু মুহূর্তে। তবে শুটিং-ক্যামেরা নয়। তার এই ফেরা মাইক্রোফোনের সামনে, রেকর্ডিং স্টুডিওতে। এখানেও নুসরাত ফারিয়া যেন রেখে দিলেন রহস্যের বাতাবরণ। কারণ, এটা কি তার গানের রেকর্ডিং নাকি সিনেমা/বিজ্ঞাপনের ডাবিং, সেটি স্পষ্ট করেননি।
এ বিষয়ে কোনও তথ্যও জানাতে প্রস্তুত নন নুসরাত ফারিয়া। আগেই বলেছেন, আপাতত তিনি মিডিয়ার মুখোমুখি হতে চাইছেন না। কথায় কথায় পেছন থেকে টেনে আনতে চাইছেন না ১৮ মে’র ভয়ংকর সময়টাকে।
এদিকে চুপচাপ এক মাস কাটিয়ে কাজে ফেরার ছবি ও ঘোষণায় নুসরাত ভক্তরা ভালোই আনন্দ পেয়েছে। বেশিরভাগ ভক্তই তাকে স্বাগতম জানিয়েছে কাজে। অনেকে অভিনেত্রীকে বলেছে, অতীত তিক্ত অভিজ্ঞতা থেকে আগামীর পথে শিক্ষা নেওয়ার জন্য।
গত ১৮ মে বিমানবন্দর থেকে একটি মামলায় আটক দেখানো হয় নুসরাত ফারিয়াকে। ওই সময় বিষয়টি ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে ২০ মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করলে কাশিমপুর কারাগার থেকে পান ফারিয়া। ফারিয়াকে গ্রেফতারের কারণ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামী তিনি!
২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। তার আগে লম্বা সময় তিনি রাজত্ব করেছেন টিভি পর্দায় উপস্থাপক ও মডেল হিসেবে। প্রকাশ হয়েছে তার চোখ ধাঁধানো অন্তত তিনটি গানচিত্র। যা বেশ জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে দুই বাংলায়।







