শাহরুখ খানের সঙ্গে বলিউডে ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ২০১৭ সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘রইস’। এই ছবিতে বাদশার সঙ্গে মাহিরার রসায়ন দর্শকের পছন্দ হয়। তার পর থেকে একাধিক সময়ে কেরিয়ার প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কাজ নিয়ে কথা বলেছেন মাহিরা। তবে তার জন্য তাঁকে অনেক সময়েই কটাক্ষের শিকারও হতে হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে ট্রোলারদের উদ্দেশে পাল্টা উত্তর দিয়েছেন মাহিরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা হয়। মাহিরা বলেন, ‘‘আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই। কিন্তু মানুষ ভাবে, আমি নিজে থেকেই ওঁর (শাহরুখ) বিষয়ে কথা বলছি। আমি তো নিজে থেকে কখনই তাঁকে নিয়ে কথা বলি না।’’ এই ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কী চলে, তা-ও স্পষ্ট করেছেন অভিনেত্রী। মাহিরা বলেন, ‘‘আমার তো মনে হয়, কারও কোনও সমস্যা হলে আমাকে ওঁর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনও প্রয়োজন পড়ে থাকে না।’’