রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

রাজনীতিতে নাম লেখালেন মানসী

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময় চর্চায় থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কখনও ডিভোর্স, কখনও সন্তান, আবার কখনও তার নতুন চারতলা বাড়ি নিয়েও খবরের শিরোনামে আসেন তিনি। এবার অভিনয়ের বাইরে রাজনীতিতে নাম লেখালেন নায়িকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিজেএমসি (ভারতীয় জনতা মজদুর সেল)-র দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিলেন মানসী। জীবনের নতুন এই অধ্যায়ে পা রেখে জানালেন, পুরনো সরকারের নিন্দা করে নয়, বরং নিজের কাজ দিয়ে পরিচিতি পেতে চান তিনি।

তিনি আরও বলেন, ‘প্রাক্তন সরকার কী করে গেছে, কার কী ভুল ছিল আমি এসব বিতর্কে যাব না। কার কী খারাপ, কার কী ভুল, কে কী করতে পারে, এই যে বাকবিতণ্ডা, এই যে কাদা ছোড়াছুড়ি আমি এতে বিশ্বাস করি না। কারণ মানুষের কীসে ভালো হবে সেটার দিকে লক্ষ রাখতে চাই। আমি সমালোচনার কারণে চর্চায় থাকতে চাই না। আমি আমার কাজ নিয়ে চর্চায় থাকতে চাই।’

এ দিকে মানসীর বিজেএমসিতে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন লেখেন, ‘আশা করি রাজনীতিতেও তুমি দাপিয়ে বেড়াবে’। আরেকজন লেখেন, ‘সে কি! মানসীও এবার গেরুয়া দলে।’  অন্যজন লেখেন, ‘জলদি বুঝে গিয়েছে কোন দিকে গেলে সুবিধা পাবে’। মানসী ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলবো তোমায়’, ‘কুঞ্জছায়া’ ও ‘উমা’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তবে ‘নিম ফুলে মধু’ ধারাবাহিক তাকে বিশেষ পরিচিতি দিয়েছে।


এই বিভাগের আরো খবর