বছর শেষে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিয়ের মরসুম। সম্প্রতি চার হাত এক হয়েছে অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। এ বার বিয়ে করলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে জীবনের নতুন সফর শুরু করলেন কীর্তি। বিয়ের আসর বসেছিল গোয়ায়।


ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কীর্তি এবং তাঁকে জড়িয়ে ধরেছেন অ্যান্টনি। ‘মহানতী’, ‘দশারা’র মতো জনপ্রিয় দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন কীর্তি। চলতি মাসেই মুক্তি পাবে ‘বেবি জন’। ছবিতে বরুণ ধওয়ানের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি। উল্লেখ্য, এটিই তাঁর প্রথম বলিউড ছবি।
কীর্তির বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যেরা ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা। যেমন থলপতি বিজয় দক্ষিণী সাজপোশাকে কীর্তির বিয়েতে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌনী রায়, রশ্মি খন্না প্রমুখ।