শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ধমক খেলেন অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তাঁর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে বলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দিন কয়েক আগে সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। অভিষেকের মামলায় সেই সাক্ষাৎকারের প্রসঙ্গই তুলে ধরলেন রাজ্যের আইনজীবী। দাবি করলেন, বিচার বিভাগকে নিয়ে ওই ধরনের মন্তব্য করে অভিষেক আদালত অবমাননা করেছেন। তার পরেই বিচারপতি কৃষ্ণ রাও ধমক দেন। তাঁর মন্তব্য, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তাঁর তালিকা দিন অভিষেক। সাংসদের মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

জ়েড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক। রাজ্যে পালাবদলের পরে তাতে কাটছাঁট হয়েছে। তিনি এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন সাংসদ। তাঁর আইনজীবী সওয়ালে বলেন, ‘‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক জন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক কর্তাদের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে।’’ তার পরেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের সেই সাক্ষাৎকার আদালতে পেশ করেন, যেখানে নিজের নিরাপত্তা কমানোর বিষয় নিয়ে কথা বলেছেন অভিষেক। আর সেখানেই তিনি বিচারব্যবস্থার একাংশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিল্বদলের সওয়াল, ওই সাক্ষাৎকার আদালত অবমাননার শামিল। অভিষেকের আইনজীবী যদিও দাবি করেন, তাঁর মক্কেলের মামলার সঙ্গে ওই সাক্ষাৎকারের কোনও সম্পর্ক নেই।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘‘পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আদালতে মামলা করেছি। সেখানে চাপ আছে মনে হয়। আমার নিরাপত্তা কমানো নিয়ে মামলা যাতে না হয়, সেটার চেষ্টা চলছে। বিজেপির তাণ্ডব চলছে, কারণ বিচার বিভাগের কাছে মামলা ঝুলছে। আদানি মামলা করলে এক দিনে হয়ে যাচ্ছে। আমার মামলা তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। এটা বলতে দ্বিধা নেই, একটা ক্লাস (শ্রেণি) বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে! এটা কী ধরনের জুডিশিয়ারি?’’

অভিষেকের মামলায় সেই সাক্ষাৎকারের কথা তুলে ধরার পরেই আদালত ওই মন্তব্য করে। নিরাপত্তা হ্রাস সংক্রান্ত মামলার রায়ঘোষণা স্থগিত রয়েছে।


এই বিভাগের আরো খবর