সম্প্রতি দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশের পর সোহিনীর নতুন সিনেমায় অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বৃহস্পতিবার ‘মৃগয়া ১.৫’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। নতুন ছবিটি ইতোমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী।
দেবের সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছি। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা না-ও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়। আশা করি, এ বিষয়েও সময়ই উত্তর দেবে।’
তিনি আরও বলেন, ‘যদি সত্যিই একসঙ্গে কাজ করতে পারি, তাহলে খুবই উত্তেজিত হব। দেব সবার পছন্দের তারকা। দেখা যাক কী হয়।’ সোহিনীর কথায় নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। এদিকে শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির পর নতুন সিনেমার কাজে মন দেবেন দেব। নিজের জন্মদিন কাটিয়ে নতুন বছরে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।