বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড স্বাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড স্বাদৃশ্য বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিমানবন্দরে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে বিকল্প হিসেবে মসজিদ গেট দিয়ে বের করা হয়। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড দেখতে পান এক পথচারী। বিষয়টি তিনি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর