গতকাল (সোমবার) অনুশীলনে বিশ্বনাথ ইনজুরিতে পড়েন। তখনই তাকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিয়েছিলেন ফিজিও। এরপর আজ জাতীয় দলের অনুশীলন করতে আসেননি বিশ্বনাথ। ফলে আগামীকাল তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বনাথ দলের সঙ্গে হোটেলেই অবস্থান করছেন। আগামীকাল না খেলতে পারলেও টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর সময় ফিট হলে কোচ তাকে ব্যবহার করতে পারেন। গত সেপ্টেম্বরে ইনজুরির জন্য আসিয়ান কাপেও খেলতে পারনেনি বিশ্বনাথ।
বিশ্বনাথ ঘোষ মূলত ডিফেন্ডার। হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি তাকে গত ম্যাচে ফরোয়ার্ড পজিশনে খেলিয়েছেন। এই ক্যাম্পের শুরু থেকে তাকে অনুশীলন করিয়েছেন ওই পজিশনেই। এখন বিশ্বনাথ ইনজুরিতে পড়ায় ডুলিকে নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে।
আগামীকালের ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশ্বনাথ একাদশে থাকতে পারবেন না এটা নিশ্চিতই। তার পরিবর্তে আগের ম্যাচে জয়সূচক গোলদাতা ইব্রাহিমের খেলার সম্ভাবনা বেশি। হামজা ও ফারহান ফিফা উইন্ডোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এখন কোচ ডুলি হামজা ও ফারহানকে কীভাবে ব্যবহার করেন সেটাও দেখার বিষয়।