বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগ তদারকির নির্দেশ বিভাগীয় কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগ যথাযথ তদারকি এবং জনসেবামূলক কার্যক্রমে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাইল আলম সরকার । তিনি চলমান প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
আজ (২৭ অক্টোবর) মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সরাসরি এবং ৮ জেলার জেলা প্রশাসকগণ অনলাইলে যুক্ত থেকে তাঁদের চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন-সংক্রান্ত সমস্যা তুলে ধরেন।
সভাপতি বলেন, বৃক্ষরোপণসহ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগগুলো বাস্তবায়নে আমাদের অসফল হওয়ার কোনো সুযোহ নেই। রোপণ করা চারার পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে তিনি পরবর্তী সভায় পাঁচটি দপ্তরের বৃক্ষরোপণ কার্যক্রমের ছবি ও ভিডিও উপস্থাপনের নির্দেশনা দেন।
সভায় সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-রাজশাহী মহাসড়কে সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় বিভিন্ন কাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কাজ শুরু হয়েছে। এ ছাড়া বগুড়া-সিরাজগঞ্জ ও বগুড়া-নওগাঁ মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সমাজসেবা দপ্তর জানিয়েছে, রাজশাহী শিশু পরিবারের উন্নয়নকাজের ৭৪ শতাংশ এবং বগুড়া শিশু পরিবারের ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৯১৫টি ট্যাব পাওয়া গেছে এবং ৬৫ হাজার পরিবারের তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে। কর্মসূচিটির তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পদ্ধতি পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
রেশম শিল্পের উন্নয়ন প্রসঙ্গে সভায় জানানো হয়, দুই লাখ তুঁতচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নতুন ১০টি তাঁত চালু হওয়ায় বর্তমানে মোট ১৫টি তাঁত চালু রয়েছে। রেশমপণ্যের বিপণন সম্প্রসারণে ঢাকা, রাজশাহী, বগুড়া ও সিলেটে শোরুম কর্নার চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জাপানের ইকেদা বিশ্ববিদ্যালয় ও নোমুরা সিল্ক মিউজিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগের কথা জানানো হয়।
বাজার তদারকি ও ভেজাল প্রতিরোধ কার্যক্রম প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে ১১০টি সাধারণ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে ১৬৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ভেজাল দুধ ও দুধের দাম নিয়ন্ত্রণে পাবনা ও সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, বিএসটিআইয়ের ১৭টি মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৫টি পরিচালিত হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তনের জন্য ৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা সভায় জানানো হয়। সংশ্লিষ্ট ভোটাররা নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
সভায় তথ্য অধিদফতরের প্রতিনিধি বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য আঞ্চলিক তথ্য অফিসকে জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এসব তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের মাধ্যমে জনগণকে সরকারি কার্যক্রম সম্পর্কে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে নগর সৌন্দর্যবর্ধনসহ অন্যন্য কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য সভাপতি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর