বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পোশাক রপ্তানিতে ৯ দশমিক ৩০ শতাংশ প্রবৃদ্ধি

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে অপ্রচলিত বা নতুন বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজার থেকে পোশাক রপ্তানি করে আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২১৭ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্ক। দেশটিতে গত জুলাই-অক্টোবর সময়ে পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। ফলে এক বছরে তুরস্কে রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ, অর্থাৎ দ্বিগুণেরও বেশি।

অপ্রচলিত বাজারগুলোতে এই চার মাসে মোট রপ্তানি বৃদ্ধির পরিমাণ ২০ কোটি ১৮ লাখ ডলার। এর মধ্যে শুধু তুরস্কেই রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। সেই হিসাবে মোট প্রবৃদ্ধির প্রায় ৫৩ শতাংশই এসেছে তুরস্কের বাজার থেকে। অপ্রচলিত বাজারে মোট পোশাক রপ্তানিতে তুরস্কের অংশও ৪ দশমিক ৬০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে। তুরস্ককে বাদ দিলে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির সামগ্রিক প্রবৃদ্ধি হতো প্রায় ৪ দশমিক ৬ শতাংশ।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে জাপান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে রপ্তানি হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক। আগের বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ১৮ দশমিক ৪৪ শতাংশ এসেছে জাপান থেকে।

অন্যদিকে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলার। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারে।

শীর্ষ পাঁচ বাজারের বাইরে থাকা অন্যান্য অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এসব বাজারে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ডলার। অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ এসেছে শীর্ষ পাঁচের বাইরের বাজারগুলো থেকে।

অক্টোবরে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ

শুধু অক্টোবর মাসের হিসাবেও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে এসব বাজারে রপ্তানি হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি।

অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৯৮ লাখ ডলার। এ মাসে জাপানের পর অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্ক ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানির বাজার।

অক্টোবরে জাপানে পোশাক রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। অন্যদিকে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার।

তবে অক্টোবরেও ভারতের বাজারে রপ্তানি কমেছে। এ মাসে দেশটিতে পোশাক রপ্তানি হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি কমেছে ৪ দশমিক ৬০ শতাংশ। অক্টোবরে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩ কোটি ৪ লাখ ডলার।


এই বিভাগের আরো খবর