জ়েড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক। রাজ্যে পালাবদলের পরে তাতে কাটছাঁট হয়েছে। তিনি এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন সাংসদ। তাঁর আইনজীবী সওয়ালে বলেন, ‘‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক জন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক কর্তাদের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে।’’ তার পরেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের সেই সাক্ষাৎকার আদালতে পেশ করেন, যেখানে নিজের নিরাপত্তা কমানোর বিষয় নিয়ে কথা বলেছেন অভিষেক। আর সেখানেই তিনি বিচারব্যবস্থার একাংশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিল্বদলের সওয়াল, ওই সাক্ষাৎকার আদালত অবমাননার শামিল। অভিষেকের আইনজীবী যদিও দাবি করেন, তাঁর মক্কেলের মামলার সঙ্গে ওই সাক্ষাৎকারের কোনও সম্পর্ক নেই।
কিন্তু রাজ্যের আইনজীবী তার বিরুদ্ধে সওয়াল করেন। বিল্বদল দাবি করেন, ‘‘ওই সাক্ষাৎকারে মামলাকারী আপনাদের, মহামান্য বিচারপতিদের সম্পর্কে কটাক্ষ করেছেন। এমনকি, বিচারপতির নাম উল্লেখ করেছেন। আদালতকে এ ভাবে বোকা বানানো যায় না।’’ তাঁর আরও সওয়াল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু আদালত তার ঊর্ধ্বে। সাক্ষাৎকারের প্রতিলিপি থেকে বক্তব্য পড়ে শোনান রাজ্যের আইনজীবী। তিনি মামলাকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরু করার আবেদনও জানান। অভিষেকের আইনজীবী তত বারই সওয়ালে জানিয়েছেন, মূল আবেদন থেকে আদালতের দৃষ্টি সরানোর চেষ্টা যেন না করা হয়। সচেতন ভাবে তাঁর মক্কেলকে নিশানা করা হচ্ছে বলেও দাবি জানান তিনি। রাত ২টোয় তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর একমাত্র অপরাধ, তিনি নির্বাচনে হেরে গিয়েছেন। আর সেই কারণেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তাঁর উপর ছ’বার হামলার ঘটনা ঘটেছে। রাজ্যে আইনের শাসনের সম্পূর্ণ অবনতি হয়েছে।
তার পরেই বিচারপতি রাওয়ের মন্তব্য, ‘‘আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন, একটি তালিকা দিতে। আমি দেখে নেব।’’ তিনি আরও বলেন, ‘‘আদালত তো রয়েছে। এই আদালত যদি কোনও স্বস্তি না দিয়ে থাকে, তা হলে অন্য বেঞ্চের দ্বারস্থ হতে পারতেন! ছুটির সময়ও একাধিক বেঞ্চ বসেছিল।’’ বিচারপতির মন্তব্য, ‘‘আপনার মক্কেল এক জন শিক্ষিত মানুষ। তিনি এক জন সাংসদ। তিনি কোনও সাধারণ মানুষ নন, যাঁকে সাধারণ নাগরিকের মতো বিবেচনা করা যায় না।’’ তিনি ভর্ৎসনা করে বলেন, ‘‘আপনার মক্কেল তো বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন (এসিআর) লিখে দিচ্ছেন!’’
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘‘পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আদালতে মামলা করেছি। সেখানে চাপ আছে মনে হয়। আমার নিরাপত্তা কমানো নিয়ে মামলা যাতে না হয়, সেটার চেষ্টা চলছে। বিজেপির তাণ্ডব চলছে, কারণ বিচার বিভাগের কাছে মামলা ঝুলছে। আদানি মামলা করলে এক দিনে হয়ে যাচ্ছে। আমার মামলা তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। এটা বলতে দ্বিধা নেই, একটা ক্লাস (শ্রেণি) বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে! এটা কী ধরনের জুডিশিয়ারি?’’
অভিষেকের মামলায় সেই সাক্ষাৎকারের কথা তুলে ধরার পরেই আদালত ওই মন্তব্য করে। নিরাপত্তা হ্রাস সংক্রান্ত মামলার রায়ঘোষণা স্থগিত রয়েছে।