মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিল পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগামীকাল কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হতে পারে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদনের পর স্থায়ীভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার গ্রিডে যুক্ত করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হলেও কম্পনজনিত কারণে তা পিছিয়ে যায়। পরে কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে নেমে আসায় এখন পরীক্ষামূলক সংযোগের জন্য প্রস্তুত প্রথম ইউনিট।

পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, ইতোমধ্যে রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাইসহ প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য ত্রুটি শনাক্ত ও সমাধানের জন্য সাময়িকভাবে পরীক্ষামূলক সংযোগ দেওয়া হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষ্যে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পরীক্ষামূলক সংযোগের পর আনুষ্ঠানিক উদ্বোধনের সময়সূচি আলাদা হতে পারে।

ধাপে ধাপে বাড়বে বিদ্যুৎ উৎপাদন

প্রাথমিক পর্যায়ে রূপপুরের প্রথম ইউনিটের উৎপাদন সীমিত রাখা হবে। পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় জাতীয় গ্রিডের স্থিতিশীলতা, ফ্রিকোয়েন্সি এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বর্তমানে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রয়োজনীয় প্রস্তুতির কাজও চলমান রয়েছে।

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের পর গত ১১ অক্টোবর নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এর আগে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া পিছিয়ে যায়। পরবর্তী সময়ে রাশিয়ার বিশেষজ্ঞদের সহযোগিতায় ত্রুটি সমাধান করে প্রয়োজনীয় পরীক্ষায় সফলতা আসে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন উৎস যুক্ত হওয়ার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা হবে।


এই বিভাগের আরো খবর