আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আন্দোলনে জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক, আলোচনার পরেও সেই ডাক্তারদের ধর্না এখনও চলছে। কবে তা উঠবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে সল্টলেক সেক্টর ফাইভের রাজ্য দফতরে যাওয়া। দলের বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল আন্দোলনকারীদের মুখে ‘গো ব্যাক’ ধ্বনি শোনার পরে রাজ্যের প্রথম সারির নেতারা আর কেউ ওমুখো হচ্ছেন না। বৃহস্পতিবার বিকেলে শুরু হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে প্রদর্শনী আয়োজনের ঠিকানাও নতুন দফতর থেকে ‘আদি’ ৬ নম্বর মুরলীধর সেন লেনে চলে আসছে।
আন্দোলনকারীরা রাজ্য বিজেপি দফতর ব্যবহার করছেন বলে তৃণমূলের পক্ষেই অভিযোগ তোলা হয়। এটা ঠিক যে, একেবারে পাশেই বিজেপি দফতর থাকায় সেখানকার শৌচালয় থেকে রিসেপশনে পেতে রাখা চেয়ার— সবই ব্যবহার করেছেন অনেক আন্দোলনকারী। এমনকি, কেউ কেউ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বিশ্রামও নিচ্ছেন। দফতরের দেওয়ালে ‘বিপ্লব’-এর স্লোগান, গ্রাফিতিও রয়েছে। বিজেপি অবশ্য এ সব নিয়ে আপত্তি দেখায়নি। দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এ নিয়ে বলেন, ‘‘আমরা আপত্তি জানাব কেন? আমরা অতিথি হিসাবেই ওঁদের জন্য যাবতীয় সুবিধার ব্যবস্থা রেখেছি। আর এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন এবং জুনিয়র ডাক্তারদের প্রতি সহানুভূতি রয়েছে।’’