এর আগে তদন্ত শেষে দুদকের দেওয়া অব্যাহতির চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছিলেন। তবে আসামিপক্ষ হাইকোর্টে রিভিশন করে নিজেদের অনুকূলে রায় পাওয়ার পর এবার আপিল বিভাগে না যাওয়ার সিদ্ধান্ত নিল দুদক।
আসামিদের অব্যাহতি দেওয়ার বিষয়ে দুদকের তৎকালীন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক জানিয়েছিলেন, তদন্ত কর্মকর্তার দাখিল করা সাক্ষ্য-স্মারক ও অন্য কাগজপত্র পর্যালোচনায় উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় দুদক আইন–২০০৪–এর ৩২ ধারা এবং দুদক কমিশন বিধিমালা ২০০৭–এর বিধি ১৫ উপবিধি ১–এর প্রদত্ত ক্ষমতাবলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেওয়া হয়।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি বিচারার্থে আমলে নেন। ওই আদেশের বিরুদ্ধে আসামি মুজিবুর রহমান ও প্রকৌশলী মো. সারওয়ার হোসেনসহ অন্যরা হাইকোর্টে ফৌজদারি রিভিশন মামলা (নম্বর ১৫৪১/২০২৩) দায়ের করেন। ২০২৩ সালের ৩ মে শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধেও আপিল বিভাগে আবেদন করে সুফল পাওয়ার সম্ভাবনা কম বিবেচনা করে আপিল করেনি দুদক।
চিঠিতে আরও জানানো হয়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২৯ এপ্রিল শুনানি শেষে হাইকোর্ট রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) করেন। এরপর গত ৬ অক্টোবর আপিল না করার সিদ্ধান্ত হয় এবং ৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রাউফুল ইসলাম আরেকটি চিঠিতে সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়কে এ সিদ্ধান্তের কথা জানান।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি নির্দেশনায় আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা মুজিবুর রহমানকে ২০১৭ সালের ২ মার্চ থেকে ২০১৮ সালের ২ আগস্ট পর্যন্ত ২২টি গ্যাস সংযোগ দেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ১০ জুন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের তিন দিন পর অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে কেজিডিসিএল।
মামলার অন্য আসামিরা হলেন কেজিডিসিএলের সাবেক মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, সাবেক দক্ষিণ জোনের টেকনিশিয়ান (সার্ভেয়ার) মো. দিদারুল আলম, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী ও সাবেক ব্যবস্থাপক মজিবুর রহমান। এদের মধ্যে সারওয়ার হোসেন, দিদারুল আলম ও মজিবুর রহমান গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, দুদক শুরু থেকে মামলাটিতে আসামিদের পক্ষে ছিল। কিন্তু মামলাটির এজাহারে যাবতীয় প্রমাণ ছিল। তাই দুদক চূড়ান্ত প্রতিবেদন দিলে আদালত স্বপ্রণোদিত হয়ে আমলে নিয়েছে। আসামিপক্ষ হাইকোর্টে কীভাবে আদেশ নিয়েছেন এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে দুদক দুর্নীতির আশ্রয় নিয়ে আসামিদের বিপক্ষে আর আপিল করছে না। কারণ এই মামলার অভিযোগটা প্রমাণিত অপরাধ। নথিপত্র অনুযায়ী একজনের সংযোগ আরেকজনে নিয়েছে। মামলার পর সেই সংযোগ বিচ্ছিন্নও হয়েছে। অবৈধ সংযোগ বিধায় এমন হয়েছে। এখন দুদক অপরাধ প্রমাণ করা যাবে না বলছে- এটা ডাহা মিথ্যা কথা।







