শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি হওয়া এবং চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যায় পড়লে অনেকেই হয়তো সর্দির ওষুধ খুঁজে থাকেন। কিন্তু যদি এই লক্ষণগুলোর কারণ সাধারণ সর্দি না হয়? অনেক সময় যা মৌসুমী সংক্রমণ বলে মনে হয়, তা আসলে একটি অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে।

সবচেয়ে বড় পার্থক্যটি হলো কী কারণে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে

সাধারণ সর্দি হলো ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের একটি ভাইরাল সংক্রমণ। ২০০টিরও বেশি ভাইরাস এর কারণ হতে পারে। সাধারণত প্রথম দুই-তিন দিন লক্ষণগুলো তীব্র থাকে এবং এরপর ধীরে ধীরে উন্নতি হতে থাকে। সাধারণ সর্দি সাধারণত ৭ থেকে ১০ দিন স্থায়ী হয়। অন্যদিকে, অ্যালার্জি তখনই হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত ক্ষতিকর নয় এমন কোনো পদার্থের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এর মধ্যে রয়েছে ধূলিকণায় থাকা ক্ষুদ্র জীবাণু, পরাগরেণু, মোল্ড (ছত্রাকজাতীয় অণুজীব) এবং পোষা প্রাণীর গায়ের চামড়ার ক্ষুদ্র কণা। অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিজনিত সর্দি ততক্ষণ পর্যন্ত চলতে পারে, যতক্ষণ না ব্যক্তিটি সেই অ্যালার্জেন বা অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে থাকে।

উভয় ক্ষেত্রেই হাঁচি হতে পারে, তবে হাঁচির ধরন দেখে একটি ধারণা পাওয়া সম্ভব। অ্যালার্জির ক্ষেত্রে বেশিরভাগ সময় বারবার হাঁচি হতে থাকে। বিশেষ করে ধুলোবালি, পরাগরেণু বা পোষা প্রাণীর সংস্পর্শে এলে। নাক, ​​গলা বা চোখে চুলকানি হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। অ্যালার্জির অন্যতম প্রধান লক্ষণ হলো অনবরত হাঁচি হওয়া। অন্যদিকে, সাধারণ সর্দি-কাশির ক্ষেত্রে গলা ব্যথা, কাশি এবং ক্লান্তির মতো উপসর্গগুলো বেশি দেখা যায়।

যদি কয়েক দিন ধরে নাক দিয়ে স্বচ্ছ, পানির মতো তরল ঝরতে থাকে, বিশেষ করে তার সঙ্গে চুলকানি ও হাঁচি থাকে, তবে তা অ্যালার্জির লক্ষণ হতে পারে। অ্যালার্জির কারণে নাক দিয়ে যে নিঃসরণ হয়, তা অ্যালার্জেন বা অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে থাকা পর্যন্ত চলতে পারে। সাধারণ সর্দি-কাশিতেও নাক দিয়ে পানি পড়তে পারে, তবে সংক্রমণের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্লেষ্মার ঘনত্বের পরিবর্তন ঘটতে পারে।

সুতরাং, কেবল নাক দিয়ে পানি পড়ার ওপর ভিত্তি করে অ্যালার্জি নিশ্চিত করা যায় না।

জ্বর এবং শরীরে ব্যথা আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত

সাধারণত অ্যালার্জির কারণে জ্বর বা শরীরে ব্যথা হয় না। এই উপসর্গগুলো সাধারণত ভাইরাল সংক্রমণের সঙ্গে সম্পর্কিত। তবে নাকের চুলকানি ও বারবার হাঁচির পাশাপাশি যদি চোখ লাল হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে, তবে সতর্ক হওয়া প্রয়োজন। এটি অ্যালার্জিক কনজাংটিভাইটিসএর লক্ষণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপসর্গগুলো কখন দেখা দিচ্ছে। ঘর পরিষ্কার করার সময়, ধুলোবালিযুক্ত স্থানে গেলে, পোষা প্রাণীর সংস্পর্শে থাকলে বা নির্দিষ্ট কোনো ঋতুতে যদি বারবার একই উপসর্গ দেখা দেয়, তবে তা পরিবেশগত অ্যালার্জির ইঙ্গিত হতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

বারবার দেখা দেওয়া উপসর্গগুলোকে কেবল সাধারণ সর্দি-কাশি ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। যদি হাঁচি, নাক বন্ধ হওয়া বা চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যাগুলো আপনার ঘুম ও দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শুধুমাত্র উপসর্গের ওপর ভিত্তি করে অ্যালার্জি নির্ণয় করা সম্ভব নয়, কারণ এগুলোকে সহজেই ভাইরাল সংক্রমণ বা অন্য কোনো শারীরিক সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলা হতে পারে। যদি উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয়, বিশেষ করে দুই সপ্তাহের মধ্যেও যদি কোনো উন্নতি না হয়, তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

শ্বাসকষ্ট, পানিশূন্যতা এবং দীর্ঘস্থায়ী জ্বর থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উপসর্গের ধরন ও প্রকৃতি অনুযায়ী চিকিৎসকরা পরামর্শ দিতে পারেন। সাধারণ সর্দি-কাশির ক্ষেত্রে নিয়মিত অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়, কারণ ভাইরাল সংক্রমণের ওপর অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না।


এই বিভাগের আরো খবর