মৌচাকে ঢিল ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌচাকের নাম রাজ্য পুলিশ। মৌচাক থাকলে তাতে বিভিন্ন প্রকোষ্ঠ থাকবে। যার নাম ‘লবি’। মৌচাক থাকলে মধুও থাকবে। সেই ‘মধু’ হল ‘ট্রান্সফার-পোস্টিং’।

লবি প্রসঙ্গে বলার সময় বৈঠকে হাজির রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের দিকে দৃষ্টিনিক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী। যা থেকে বাহিনীর অনেকে মনে করছেন, রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশেই মমতা ওই কথা বলেছেন। তা মেনে নিয়েও অবশ্য অনেকে বলছেন, রাজ্য পুলিশ নিয়ে কথা বলতে গেলে বাহিনীর সর্বোচ্চ অফিসারকেই বলতে হবে। তার অর্থ এই নয় যে, মুখ্যমন্ত্রী তাঁর উপর ‘আস্থা’ হারিয়ে ফেলেছেন। বস্তুত, কর্মদক্ষতার নিরিখে রাজীব সারা দেশে প্রথম পাঁচ জন আইপিএসের মধ্যে অনায়াসে স্থান পাবেন বলে প্রশাসনে তাঁর সতীর্থদের বড় অংশের অভিমত। তবে অন্য এক পক্ষ আবার মনে করেন, নজরদারির ক্ষেত্রে প্রায় অবিসংবাদী দক্ষতা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে রাজীবের প্রত্যক্ষ অভিজ্ঞতা কম। তবে তিনি যখনই যে প্রশাসকের অধীনে কাজ করেছেন, তখনই সংশ্লিষ্ট প্রশাসক তাঁর উপর আস্থা রেখেছেন। মমতাও তার ব্যতিক্রম নন।
বাহিনীর একটি বড় অংশের দাবি, উচ্চ স্তরের পুলিশকর্তারাই বাহিনীর অন্দরে ‘লবি’কে প্রশ্রয় দেন। তাঁরাই লবি সামলান এবং লবির লোকজনকে চালনা করেন। উত্তরবঙ্গে কর্মরত এক পুলিশকর্তা জানিয়েছেন, সকলেই সব জানেন। কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলেন না। কারণ, লবি ‘ক্ষমতাধর’। কিন্তু এখন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী লবির কথা সর্বসমক্ষে বলে দিয়েছেন। তা-ই যাঁরা ‘ভুক্তভোগী’, তাঁরা অন্তত একান্ত আলোচনায় বিষয়টি নিয়ে মুখ খুলতে পারছেন। যেমন উত্তরবঙ্গের ওই আধিকারিকের দাবি, সম্প্রতি রাজ্য জুড়ে ‘ইনস্পেক্টর’ পদমর্যাদার আধিকারিক পর্যায়ে বড়সড় রদবদল হয়েছে। নবান্ন থেকে রদবদলের সেই তালিকা প্রকাশের পরেই বাহিনীতে ক্ষোভ দেখা গিয়েছিল। বিক্ষুব্ধদের বক্তব্য ছিল, ‘যোগ্যদের’ বাদ দিয়ে ‘অযোগ্যদের’ সুযোগ দেওয়া হয়েছে।
এই তাঁবেদার কারা? স্বভাবতই এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে অনেকের ইঙ্গিত, পুলিশ-প্রশাসনের শীর্ষ মহলে যাঁদের অবাধ যাতায়াত রয়েছে, তাঁরাই এই ভূমিকায় রয়েছেন।