রুহুল কবির রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা এবং তাদের দলের লোক-বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার মুক্তি? ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা তাদের নিজেদের স্বাধীনতা মাত্র। লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা, সোনালী ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা। জনগণের কাছে মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতা চেতনা ফেরি করত। কিন্তু তুই যে স্বাধীনতার চেতনার কথা বলিস, তুই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলিস, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করিস। তাহলে তোর স্বাধীনতার চেতনা থাকলো কোথায়। এটাও তো জনগণ দেখেছে তাদের কাছে সব চুপ। শেখ হাসিনা নিজেই বলেছিলেন না যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনো দিন ভুলবে না।
তিনি বলেন, ১৭ বছর শেখ হাসিনার ভয়াবহ এবং ভয়ঙ্করতম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের মূল প্রেরণা ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ই নভেম্বরের চেতনা হচ্ছে- বহুদলীয় গণতন্ত্রকে নিরাপত্তা দেওয়া, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো। যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে একটা দেশের প্রধানমন্ত্রী আন্দোলনরত এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে-মেয়েদেরকে বলছে এরা হচ্ছে রাজাকারের নাতিপুতি। আমি কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেব। আরে তুই দেশের প্রধানমন্ত্রী, এরা মাসুম বাচ্চা, এদের জন্ম হয়তো ৮০-এর পরে, ৮৫-এর পরে, ৯০-এর পরে। এদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, মানে ছাত্রদেরকে শিক্ষকদেরকে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন শেখ হাসিনা। কিন্তু জেগে উঠেছে তো সমস্ত ছাত্রসমাজ, জেগে উঠেছে এদেশের মানুষ। এই কথা সমগ্র ছাত্র সমাজ নিজেদের অপমান বলে মনে করেছে। তাই তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ক্লাস থেকে, ক্যাম্পাস থেকে। দলে দলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে শেখ হাসিনার মতো বরবরতম একনায়ককে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে।







