শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

ঢাকায় ওটিলিয়া : মাত্র এক গানের শিল্পীকে দেখতে ১৫ হাজার টাকা!

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রায় বছর দশেক আগে ভাইরাল হওয়া একটি গান অনেকেই হয়তো শুনে থাকবেন। নাম ‘বিলিওনেরা’। গানটি এ অঞ্চলের শ্রোতাদের জন্য দুর্বোধ্যও ছিল বটে। গেয়েছিলেন রোমানিয়ার পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। ইংরেজি ও স্প্যানিশ ভাষার গান এটি। সে সময়ের তুমুল জনপ্রিয়তা পাওয়া এ গানের মাধ্যমেই ওটিলিয়াকে চেনে বিশ্ব। এরপর বেশ কিছু গান উপহার দিয়েছেন ঠিকই, কিন্তু আগের মতো আর সাড়া ফেলেনি। ঘটে ছন্দপতন। 

রোমানিয়ান এই শিল্পীর গানের ভাষা ঢাকার অনেক শ্রোতার কাছেই দুর্বোধ্য হতে পারে। অথচ তাকে সরাসরি মঞ্চে দেখতে ও গান শুনতে গুনতে হবে চড়া দাম। কনসার্টের টিকিটের দাম শুরু হয়েছে আড়াই হাজার টাকা থেকে, সামনের সারিতে বসে উপভোগ করতে খরচ করতে হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ‘বিলিওনেরা’র বাইরে তার অন্য গানগুলোর জনপ্রিয়তা কতটা? একটি গানের পরিচিতিকে কেন্দ্র করে আয়োজিত এই কনসার্টে এত চড়া দামে টিকিট কিনে ওটিলিয়ার গান শুনতে কতটা আগ্রহী হবেন ঢাকার শ্রোতারা?

বিদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন নতুন নয়। তবে একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তার সামগ্রিক জনপ্রিয়তা ও সাম্প্রতিক সংগীতচর্চা বিবেচনায় নেওয়া জরুরি। ওটিলিয়ার শো, অনুসারী ও গানের পরিসংখ্যান সামনে আনলে তার জনপ্রিয়তার বিস্তৃতি নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে একটি গানই যখন তার পরিচিতির প্রধান ভিত্তি, তখন তাকে ঘিরে ঢাকায় আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে ওটিলিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ ৩ হাজার। সব মিলিয়ে গানের ভিউ, চ্যানেলের অনুসারী ও সাম্প্রতিক শোর প্রকাশ্য তথ্যের মধ্যে একটি বিষয় স্পষ্ট—তার জনপ্রিয়তার সবচেয়ে বড় জায়গা ‘বিলিওনেরা’। অবশ্য ইউটিউবের ভিউ বা সাবস্ক্রাইবার দিয়ে কোনো শিল্পীর সামগ্রিক জনপ্রিয়তা পুরোপুরি বিচার করা যায় না। তবু এসব পরিসংখ্যান সামনে রেখেই প্রশ্ন উঠছে।

রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা।

শ্রোতাদের একটি বড় অংশ মনে করেন, দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীর অভাব নেই। একইভাবে ভারতীয় উপমহাদেশেও রয়েছেন অসংখ্য পরিচিত সংগীতশিল্পী, যাদের গান ও পরিবেশনার প্রতি এ দেশের শ্রোতাদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তাদের নিয়ে বড় আয়োজনের সুযোগ থাকলেও ওটিলিয়াকে ঘিরে এমন প্রচারণা ও উচ্ছ্বাসের যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন থাকছেই। একজন বিদেশি শিল্পীকে আমন্ত্রণ জানানোয় আপত্তি নেই; তবে তার জনপ্রিয়তা ও সংগীতজগতের বর্তমান অবস্থানের সঙ্গে আয়োজনের ব্যাপকতার সামঞ্জস্য কতটা, সেটিও আয়োজকদের বিবেচনা করা উচিৎ, এমনটাই মনে করেন তারা।


এই বিভাগের আরো খবর